আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে সফরকারীরা এগিয়ে ৪৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে তাদের সংগ্রহ ৩৩৭। এখন সবার চোখ লিটন দাসের সেঞ্চুরির দিকে। ফিফটির অপেক্ষায় আছেন মেহেদী হাসান মিরাজও।
দিন শুরু হয়েছিল ৬ উইকেটে ২২৩ রান নিয়ে। প্রথম দুই ঘণ্টায় ২৬ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ১১৪ রান। এ সময়ে কোনো উইকেট হারায়নি তারা। পুরো সেশন ধরে উইকেটে ছিলেন লিটন ও মিরাজ।
সকালটা লিটনের জন্য শুরুতে ছিল কিছুটা ভাগ্যের। ইনিংসের শুরুর দিকে দুবার জীবন পান তিনি, দুবারই কায়েসের বলে। ১৪ রানে স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন শহিদউল্লাহ কামাল। ২৬ রানের সময় কায়েস নিজের বলেই ক্যাচ নিতে ব্যর্থ হন।
এই দুই সুযোগ যেন লিটনকে আড়ষ্টতা থেকে মুক্তি দিল। এরপর স্বচ্ছন্দে রান তুলতে থাকেন তিনি। ৭৭তম ওভারের চতুর্থ বলে কায়েসকে বাউন্ডারি হাঁকান লিটন। ওই চারেই বাংলাদেশের লিড ৩৫০ রান ছাড়িয়ে যায়। একই শটে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন তিনি। এই কীর্তি গড়া বাংলাদেশের পঞ্চম ব্যাটার তিনি। তাঁর আগে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
ক্রীড়া ডেস্ক : 



















