ভালোবাসার শুরুটা যতটা মধুর, শেষটা অনেক সময় ততটাই বেদনার। সম্পর্ক ভেঙে গেলেও থেকে যায় স্মৃতি, জমে থাকে অভিমান। আর মনের গভীরে ঘুরেফিরে আসে একটাই প্রশ্ন—‘ভালো আছো তো?’ সেই প্রশ্নকে ঘিরেই নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালো আছো তো?’।
নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। শুক্রবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।
গল্পের শুরু ভালোবাসা দিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। ভুল-বোঝাবুঝি আর অতীতের ক্ষত একসময় দুজনকে ঠেলে দেয় বিচ্ছেদের দিকে। নাটকে উঠে এসেছে প্রেম, মায়া, অভিমান ও বিচ্ছেদের নানা মুহূর্ত। সম্পর্ক ভাঙার পরও প্রাক্তন মানুষের প্রতি যে অনুভূতি রয়ে যায়, আর যেসব কথা বলা হয় না, সেগুলোই এ গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে।
নাটকের একটি পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অপূর্ব। সেখানে তিনি লিখেছেন, ‘সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না— কেমন আছো? ভালো আছো তো?’
এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে কাজ করেছেন অপূর্ব ও নিহা। নতুন এই নাটকে আবারও তাঁদের দেখা গেছে ভিন্ন এক আবেগঘন গল্পে। সম্পর্কের ভাঙন, বিচ্ছেদের পরের অনুভূতি আর প্রাক্তনের প্রতি জমে থাকা প্রশ্নগুলো দর্শকের মনে কতটা দাগ কাটে, এখন সেটিই দেখার অপেক্ষা।
বিনোদন ডেস্ক: 
























