সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও গতকাল ১২ই ফেব্রুয়ারি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি আসনেই ভোটগ্রহণ ছিল অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং আনন্দমুখর। কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, অংশগ্রহণকারী কোনো দলের প্রার্থীই ভোট জালিয়াতি বা বড় কোনো কারচুপির অভিযোগ তোলেননি।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জেলার ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এবং ১টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।
আসনভিত্তিক বিস্তারিত ফলাফল:
সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহীনুর আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী (রিকশা প্রতীক) মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা): অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি’র এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিরাজগঞ্জের এই নির্বাচনটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি মাইলফলক হয়ে থাকবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রার্থীদের একে অপরের প্রতি সহনশীলতা একটি আদর্শ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় প্রদান করেছেন।
জুবায়ের হোসাইন, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 





















