আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের পর একটি বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তিনি এই রূপরেখা তুলে ধরেন।
ব্যক্তিগত সংগ্রাম ও রাজনৈতিক দর্শন
ইশতেহারে আমিরুল ইসলাম খান আলীম নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই নেতা ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি ২০০২-২০০৫ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত ১৭ বছরে প্রায় শতাধিক মিথ্যা মামলা, রিমান্ড ও কারাবরণের শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি বলে উল্লেখ করেন। তার রাজনীতির মূল অনুপ্রেরণা তারেক রহমানের স্লোগান— “মেধার আলোতে বিকশিত হোক ছাত্র রাজনীতি”।
উন্নয়নের ১১ দফা মহাপরিকল্পনা
আলীম তার ইশতেহারে এলাকার দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে ১১টি সুনির্দিষ্ট অঙ্গীকার করেছেন:
নদীভাঙন ও স্থায়ী সমাধান: চৌহালীর মানুষের প্রধান সংকট যমুনা নদীভাঙন রোধে ‘তিস্তা প্রকল্পের’ আদলে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নদীর তীরে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন করা হবে।
তাঁত শিল্পের আধুনিকায়ন: ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় ‘তাঁত ব্যাংক’ প্রতিষ্ঠা করে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত গ্যাস লাইন সংযোগের মাধ্যমে শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি করা হবে।
কৃষি ও কৃষক কল্যাণ: কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে উন্নত বীজ, সার ও আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে বা সহজে সরবরাহ করা হবে। এছাড়া কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন ও কৃষি ঋণ থেকে মুক্তির উদ্যোগ নেওয়া হবে।
শিল্পায়ন ও কর্মসংস্থান: বেলকুচিতে একটি ‘ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ স্থাপন করে ১০-১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন: ‘এডুকেশনাল পার্ক’ স্থাপনের মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিদেশে প্রশিক্ষিত কর্মী পাঠানোর লক্ষ্যে ‘ম্যানপাওয়ার ট্রেনিং সেন্টার’ করা হবে। বছরে ১ হাজার কর্মীকে ট্রেনিং দিয়ে ঋণের মাধ্যমে বিদেশে চাকরির ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যসেবা: ‘স্বাস্থ্য কার্ড’ চালু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং স্বল্প খরচে চিকিৎসার জন্য একটি আধুনিক ‘ডায়াবেটিক সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে।
অবকাঠামো ও যোগাযোগ: সয়দাবাদ-এনায়েতপুর সড়ক প্রশস্তকরণ এবং মুকুন্দগাতি ও কেজির মোড়ে যানজট নিরসনে ফ্লাইওভার বা বাইপাস নির্মাণ করা হবে।
সামাজিক নিরাপত্তা ও নারী ক্ষমতায়ন: নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ইভটিজিং রোধে ‘ডিজিটাল হটলাইন’ সেবা চালু করা হবে।
প্রশাসনিক সংস্কার: জনদাবীর প্রেক্ষিতে এনায়েতপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা
জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলীম বলেন, এই শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ গণতন্ত্রের পথে ফিরতে পেরেছে। তিনি নির্বাচিত হলে এই পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও সরকারি চাকরির ব্যবস্থা করার অঙ্গীকার করেন।
ভোটের আবেদন
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ক্ষমতার আগে জনতা। আমি ক্ষমতা চাই না, আপনাদের কল্যাণে নিয়োজিত থাকতে চাই”। তিনি প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক সিরাজগঞ্জ-০৫ গড়তে আগামী ১২ তারিখ ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মোঃ জুবায়ের হোসাইন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 


























