পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে শাফওয়ান স্বপ্ন যাত্রা সংস্থা (এস.এস.এস.)। সংস্থাটির অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১,২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
সংস্থার স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে চারা বিতরণ করে তাদের আরও বেশি বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না; এটি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। এ বাস্তবতায় পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
এস.এস.এস. আরও জানায়, এটি একদিনের কর্মসূচি নয়; বরং দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব উদ্যোগের অংশ। ভবিষ্যতেও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবুজায়ন কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রম এবং বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি আশা প্রকাশ করেছে।
রংপুর প্রতিনিধি: 
























