যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তবে দেশটির বিরুদ্ধে নজিরবিহীন সামরিক জবাব দেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তাঁর ভাষ্য, ইরান সরকার বিশ্বের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে হুমকি দিচ্ছে। সেই হুমকি বাস্তবায়নের চেষ্টা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ও কঠোর সামরিক পদক্ষেপ নেবে।
ট্রাম্প আরও জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, মার্কিন সামরিক বাহিনী এক বছরের জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সেই প্রস্তুতির মেয়াদ আরও বাড়ানো হবে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে হত্যার একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে নতুন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। যদিও কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপে ট্রাম্পকে উৎসাহিত করতেই এ ধরনের তথ্য সামনে আনা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা আশঙ্কা প্রকাশ করে আসছে, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে।
সম্প্রতি ইরানে শোকমিছিলে ট্রাম্পবিরোধী স্লোগান ও ব্যানারও দেখা গেছে। এর পর থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের সম্ভাব্য ‘হিটলিস্টে’ তাঁর নাম রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন।
শিরোনাম :
হত্যাচেষ্টার হুমকিতে ইরানকে ‘হাজার ক্ষেপণাস্ত্র’ সতর্কবার্তা দিলেন ট্রাম্প
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১২:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- 18
ট্যাগস
আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ট্রাম্প হত্যাচেষ্টা ট্রুথ সোশ্যাল ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা সিএনএন
জনপ্রিয় সংবাদ





















