বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে যেন একের পর এক নতুন ইতিহাস হাতছানি দিচ্ছে। লিওনেল স্কালোনির অধীনে দুর্দান্ত ছন্দে থাকা আলবিসেলেস্তেরা এবার ভেঙে দিয়েছে বিশ্বকাপ ফুটবলের ৭২ বছর পুরোনো একটি ঐতিহাসিক রেকর্ড। সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুটি করে গোল করার কীর্তি গড়েছে আর্জেন্টিনা, যা আগে কোনো দল করতে পারেনি।
এই রেকর্ডের মালিক ছিল উরুগুয়ে। ১৯৩০, ১৯৫০ ও ১৯৫৪—এই তিনটি বিশ্বকাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করার নজির গড়েছিল দক্ষিণ আমেরিকার দেশটি। সাত দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল। অবশেষে সেটিকে পেছনে ফেলল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার এই গোলযাত্রার শুরু ২০২২ কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বে মেক্সিকোকে ২–০ গোলে হারানোর পর থেকে পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষেও অন্তত দুটি করে গোল করেছে দলটি।
চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও একই ধারাবাহিকতা ধরে রেখেছে স্কালোনির শিষ্যরা। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে জয়ের পর নকআউটে কেপ ভার্দে, মিসর এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের জালেও তিনবার করে বল পাঠিয়েছে আর্জেন্টিনা।
অন্যদিকে, উরুগুয়ের ঐতিহাসিক গোলধারার সূচনা হয়েছিল ১৯৩০ বিশ্বকাপে রোমানিয়ার বিপক্ষে ৪–০ ব্যবধানে জয়ের মাধ্যমে। এরপর টানা ১১ ম্যাচে অন্তত দুটি করে গোল করলেও ১৯৫৪ সালের সেমিফাইনালে হাঙ্গেরির কাছে ৪–২ গোলে হেরে থেমে যায় সেই যাত্রা।
সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে শুধু সেমিফাইনালের টিকিটই নিশ্চিত করেনি আর্জেন্টিনা; বিশ্বকাপ ইতিহাসের পাতায় নিজেদের নামও লিখেছে নতুন এক অনন্য উচ্চতায়। লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির নেতৃত্বে এই দল এখন শুধু শিরোপার নয়, রেকর্ডেরও সমার্থক নাম।
চলমান বার্তা ডেস্ক : 




















