রাজধানীর রাজারবাগ,শাহজানপুর,মালিবাগ মোর, খিলগাঁও, কাকরাইল, মিরপুরের কালশী, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। তবুও জীবিকার তাগিদে থেমে থাকেনি নগরজীবনের ব্যস্ততা।
রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, কেউ হাঁটুসমান পানি ঠেলে হেঁটে গন্তব্যে যাচ্ছেন, কেউ রিকশার আশ্রয় নিচ্ছেন। অনেক যাত্রীকে বাস থেকে নেমেই পানির মধ্যে হেঁটে পথ পাড়ি দিতে হয়েছে। কোথাও ট্রাফিক আইল্যান্ডে আশ্রয় নিয়েছেন পথচারীরা, আবার কেউ মাথায় প্রয়োজনীয় জিনিস বহন করে জলমগ্ন সড়ক অতিক্রম করেছেন।
টানা বর্ষণের প্রভাবে যান চলাচলও ধীর হয়ে পড়ে। দীর্ঘ যানজটের পাশাপাশি অনেক এলাকায় রিকশাই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। এ সুযোগে কয়েকটি এলাকায় রিকশাভাড়া বাড়ানোর অভিযোগও করেছেন যাত্রীরা।
কাকরাইল ও কালশী এলাকায় জমে থাকা পানিতে কয়েকটি ব্যক্তিগত গাড়ি প্রায় ডুবে যেতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কের খানাখন্দ পানির নিচে ঢেকে যাওয়ায় বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। চালকদেরও সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হয়েছে।
রাজধানীতে বর্ষাকালের এমন চিত্র নতুন নয়। তবে বারবার একই ধরনের জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির মধ্যেও কর্মজীবী মানুষের ছন্দ থেমে থাকেনি; দুর্ভোগকে সঙ্গী করেই তারা পৌঁছানোর চেষ্টা করেছেন নিজ নিজ গন্তব্যে।
শিরোনাম :
টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, দুর্ভোগের মধ্যেও থামেনি নগরজীবন
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 19
ট্যাগস
কাকরাইল কাজীপাড়া জলাবদ্ধতা টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা ঢাকা সড়ক ঢাকার বৃষ্টি দুর্ভোগের মধ্যেও থামেনি নগরজীবন নগরজীবন বর্ষাকাল বাংলাদেশ ভারী বৃষ্টি মিরপুর কালশী যানজট রাজধানী ঢাকা
জনপ্রিয় সংবাদ





















